নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। যার রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। একই সঙ্গে এ সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেট পাস হয়। সোমবার সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত সভায় বাজেট উপস্থাপন করেন মসিকের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ৩৫ কোটি ৭৪ লাখ, শিক্ষা খাতে ব্যয় ৪ কোটি ৬৫ লাখ, স্বাস্থ্য খাতে ব্যয় ৬ কোটি ৫০ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৬ কোটি ৬০ লাখ, বিদ্যুৎ প্রকৌশল/সড়কবাতি খাতে ১১ কোটি, রাস্তা, ড্রেন ও হাটাবাজার নির্মাণে ১০ কোটি টাকা, খাল ও ড্রেন খনন কাজে ২ কোটি টাকা এবং উন্নয়ন হিসাবে ৬৭৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।








