মঠবাড়িয়ায় সরকারি বিধিমালা লঙ্ঘন করে বিদ্যালয়ের নতুন-পুরোনো ও অব্যবহৃত সরকারি পাঠ্যবই ভাঙ্গাড়ি দোকানে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের মো. আকতার হোসেন উপজেলার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২৬ জুন দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকার একটি ভাঙ্গাড়ি দোকানের সামনে থেকে ট্রাকে ভর্তি করার সময় স্থানীয় জনতা বিপুল পরিমাণ বইসহ ট্রাকটি আটক করেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মো. কবির হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।? জানা যায়, ২৬ জুন দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকার হান্নানের ভাঙ্গাড়ি দোকানের সামনে বগুড়াগামী একটি ট্রাকে আনুমানিক আট হাজার কেজি নতুন-পুরোনো বই, গাইড বই ও কার্টন বিক্রির উদ্দেশে লোড করা হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বই ও কার্টনসহ ট্রাকটি আটকে দেন। পরে তল্লাশি করে দেখা যায়, সেখানে ২০২৪ ও ২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের প্রচুর নতুন ও অব্যবহৃত সরকারি পাঠ্যবই রয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত জাকারিয়া নামের এক হকারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেনের কাছ থেকে তিনি এই বইগুলো কিনেছেন। এই মর্মে হকার জাকারিয়া তাৎক্ষণিকভাবে একটি লিখিত বক্তব্যও দাখিল করেন। এর আগে ২৩ জুন প্রধান শিক্ষক মো. আকতার হোসেনসহ তার সহযোগীরা সরকারি বিধিমালা তোয়াক্কা না করে, কোনো প্রকার নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই বিদ্যালয়ের দ্বিতীয় তলার বিজ্ঞানাগার থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত ও ভোকেশনালসহ বিভিন্ন বিষয়ের সর্বমোট দুই হাজার ৩৭৯টি সরকারি বই গোপনে হকার জাকারিয়ার কাছে মাত্র আট হাজার ৮০৫ টাকায় বিক্রি করে দেন। পরে ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে প্রাথমিক স্তরের বইগুলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জিম্মায় দেওয়া হয় এবং গাইড বইগুলো সংশ্লিষ্ট প্রাপকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে, মাধ্যমিক স্তরের দুই হাজার ৩৭৯টি সরকারি বই পুলিশ জব্দ করেছে। বইগুলো সঠিকভাবে যাচাই-বাছাই ও বিতরণ কার্যক্রম শেষ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শক্রমে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানান। থানার ওসি মে. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।