মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর আহত অবস্থায় বলাই নমশূদ্র (৩২) নামের এক ভারতীয় নাগরিককে ঘটনাস্থল থেকে আটক করে বিজিবি। তাঁর কাছ থেকে ১টি পিস্তল, ২টি গুলি ও ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বলাই ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের জিতেন্দ্র নমশূদ্রের ছেলে। প্রাথমিকভাবে বিজিবি ধারণা করছে, বলাই সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। বিজিবি পলাতক চোরাকারবারি চক্রে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
বিজিবির ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতীয় একটি চোরাকারবারি চক্র বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে আসছে। এরপর গতকাল রাত ১০টার দিকে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহল দল কুমারশাইল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের বাধা দিলে তারা বিজিবির ওপর হামলা করে। তখন আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিজিবি। এ সময় অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র–মাদকসহ বলাইকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘তিন-চারজনের একটা গ্রুপ অন্ধকারে কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি করে, আমরাও গুলি করেছি। তারা দৌড় দিলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। রাতেই তাকে আইনি প্রক্রিয়া শেষে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ভারতীয় নাগরিক আটকের ঘটনায় গতকাল রাতেই থানায় মামলা হয়েছে।








