প্রকৃতির এক অদ্ভুত সুন্দর ও কষ্টসহিষ্ণু ফুল হলো বন পিটুনিয়া। এর বৈজ্ঞানিক নাম Ruellia simplex, এটি Acanthaceae পরিবারের একটি উদ্ভিদ। ইংরেজিতে এ উদ্ভিদ Mexican Petunia, Mexican Bluebell, Britton’s Wild Petunia নামে পরিচিত। এর নামের সঙ্গে বিখ্যাত ‘পিটুনিয়া’ ফুলের মিল থাকলেও এটি কিন্তু প্রকৃত পিটুনিয়া নয়; কেবল ফুলের আকৃতিগত মিলের কারণে একে বন পিটুনিয়া বা মেক্সিকান পিটুনিয়া বলা হয়। এর চোখ জুড়ানো বেগুনি, নীল বা গোলাপি আভা যে কোনো বাগানকে মুহূর্তেই সতেজ করে তোলে।
নামেই প্রকাশ পায় এর আদি নিবাস মেক্সিকো, ক্যারিবিয়ান অঞ্চল এবং দক্ষিণ আমেরিকা। তবে এর চমৎকার অভিযোজন ক্ষমতার কারণে এটি বর্তমানে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বহু ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের গৃহকোণ, ছাদবাগান, সরকারি পার্ক এবং রাস্তার ডিভাইডারে প্রায়ই এ ফুলের দেখা মেলে।
বন পিটুনিয়া বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। গাছটি সাধারণত ৩ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড খাড়া এবং চৌকো আকৃতির। কাণ্ডের রং গাঢ় সবুজ, বেগুনি বা কালচে রঙের ছোঁয়া দেখা যায়। পাতাগুলো ল্যান্সের মতো (Lance-shaped) লম্বাটে ও সূক্ষ্ম অগ্রভাগযুক্ত হয়। পাতাগুলো গাঢ় সবুজ রঙের এবং কাণ্ডের বিপরীতমুখী জোড়ায় জোড়ায় বিন্যস্ত থাকে। পাতার শিরাগুলো বেশ স্পষ্ট।
ডালের ডগায় বা পাতার কোণ থেকে এককভাবে বা থোকায় থোকায় ফুল ফোটে। ফুলগুলো দেখতে অনেকটা ফানেল বা মাইকের মতো। এর পাঁচটি নরম পাপড়ি থাকে। সাধারণত উজ্জ্বল বেগুনি বা নীলচে-বেগুনি রঙের ফুল বেশি দেখা গেলেও এর কিছু প্রজাতিতে গোলাপি কিংবা সাদা রঙের ফুলও ফোটে। এ ফুলের একটি বৈশিষ্ট্য হলো-প্রতিটি ফুল ফোটার পর মাত্র একদিন বা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। সাধারণত সকালে ফোটে এবং বিকালের দিকে ঝরে যায়। তবে গাছটিতে প্রতিদিন এত বিপুল পরিমাণে নতুন ফুল ফোটে, বাগান কখনোই ফুলশূন্য মনে হয় না। মে থেকে শরৎকাল পর্যন্ত বেশি ফুল ফোটে।
বন পিটুনিয়া শুধু বাগানের সৌন্দর্যই বাড়ায় না, এর কিছু বিশেষ পরিবেশগত ও ব্যবহারিক গুরুত্বও রয়েছে। কম যত্নে বাগান সাজানোর জন্য এটি একটি আদর্শ উদ্ভিদ। প্রায় সব ধরনের মাটিতেই এটি সহজে মানিয়ে নেয়। যারা বাগানে খুব বেশি সময় দিতে পারেন না, তারা এটি বাগানে রাখতে পারেন। এর উজ্জ্বল রং এবং মিষ্টি মধু মৌমাছি, প্রজাপতি ও হামিংবার্ডের মতো পরাগায়নকারী পাখিদের ভীষণভাবে আকর্ষণ করে।
লোকজ চিকিৎসায় রুয়েলিয়াগণের কিছু উদ্ভিদের মূল ও পাতা গ্যাস্ট্রিকের সমস্যা, প্রদাহ এবং শ্বাসকষ্ট উপশমে ব্যবহারের ইতিহাস রয়েছে, তবে আধুনিক চিকিৎসায় এর ব্যবহার সীমিত।








