চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগে রয়েছে। এমন পরিস্থিতিতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের নিয়ে ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো
স্বাভাবিক আবহাওয়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে এইচএসসি পরীক্ষা গ্রহণ।
প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না।
যৌক্তিক কারণে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
এইচএসসি-২৬ শিক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের কাছে তা গ্রহণযোগ্য না হলে তাকে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভ চলাকালে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম শিক্ষার্থীদের সড়কের একপাশে সরে কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ অব্যাহত রেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি। যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
হোসাইন সুলভ/এএইচ/জেআইএম








