সড়কে নিরাপত্তা উন্নত করতে বাস চালকদের জন্য বিনামূল্যে সমন্বিত চক্ষু স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহে ভিশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বড়বাজার জেলা মটরজান কর্মচারী ইউনিয়ন ভবনে প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা গোলাম মাসুম প্রধান। ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, গুড পিপল ইন্টারন্যাশনাল এবং ওরবিস ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। যাত্রীদের নিরাপত্তা যারা দেবেন সেসব যানবাহন চালকদের নিরাপত্তার জন্য এ আয়োজন। চালকদের সেবায় এ উদ্যোগ ফলপ্রসূ হলে এ আয়োজন সার্থক হবে বলে মনে করেন বক্তারা। বক্তারা বলেন, চোখ সুস্বাস্থ্যের নিয়ামক শক্তি। এ উদ্যোগ ময়মনসিংহের জন্য মাইলফলক। কল্যাণধর্মী এ ধরনের উদ্যোগ জিও, এনজিওদের এগিয়ে আসা উচিত। বিএনএসবি যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সুপারিশমালা প্রণয়ন করলে ভবিষ্যতে প্রশাসন সহায়ক ভূমিকা পালন করতে পারবে।








