ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এতে অগ্নিকান্ডের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক ৩৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এদের মধ্যে অনেকেই ছুটি নিয়ে চলে গেছে। কিছু মানুষ হাসপাতালে ভর্তি আছে। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডার লিকেজ হয়। তবে, অগ্নিকান্ডের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সিলিন্ডার লিকেজ হওয়ায় আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের তীব্র গন্ধে আশপাশের এলাকার বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন ঝুঁকিপূর্ণ ভাবে সিলিন্ডার ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।








