নানার বাড়ি যাওয়ার পথে মায়ের হাত ছেড়ে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু হাসনা জান্নাত। শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত উপজেলার চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে। জানা যায়, সকালে মা রেহানা বেগমের সঙ্গে বাবার বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিল জান্নাত। তারা অটোরিকশা থেকে ঢাকা পোল এলাকায় নেমে সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জান্নাত হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাসনাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।