মায়ের সঙ্গে নানার বাড়ি যাচ্ছিল ছয় বছরের শিশু হাসনা জান্নাত। পথে মায়ের হাত ধরে সড়ক পার হচ্ছিল সে। তবে হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দৌড় দেয়। এরপরই বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা জান্নাত উপজেলার চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা রেহানা বেগমের সঙ্গে বাবার বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিল হাসনা। তারা অটোরিকশা থেকে ঢাকা পোল এলাকায় নেমে সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হাসনা হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। এরপর রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাসনাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক পার হওয়ার সময় দৌড় দিলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসের চালককে আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।