গাজীপুর নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরী হয়েছে। ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে এ কর্মসূচি পালন করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন।

মিছিলটি জয়দেবপুর থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার এবং যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ ও পারভেজ এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেছেন, “গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে একই দিন দুপুরে বিদেশ থেকে ফেরার পর ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় একটি ঝটিকা মিছিল করা হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মিছিল শেষে নাসির মোড়ল বলেন, “গাজীপুরের মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়েও লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা ফিরে আসবেন। আমরা রাজপথ ছাড়িনি।”