চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে এক বছর বয়সি শিশু নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় আরও ছয় জেলায় ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় দুই যুবক, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই যুবক, নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলচালক, যশোরে শিক্ষক, নরসিংদীর পলাশে যুবক এবং টাঙ্গাইলের ধনবাড়ীতে স্কুলছাত্রী রয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদরের সাজেদুল ইসলামের মেয়ে। রোববার দামুড়হুদা উপজেলার চিৎলা দেশ ভাটার সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শেষে শিশু স্বর্ণাকে নিয়ে ভ্যানে ফিরছিলেন মা ও নানি। এ সময় একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে স্বর্ণা মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। শিশুটির নানি সাজেদা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া (কক্সবাজার) : নোহা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতরা হলেন চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মাহবুব রহমান এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে রাসেল। রোববার চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কের বরইতলীতে দুর্ঘটনাটি ঘটে। বরইতলী মোহাজেরপাড়া রাস্তার মাথায় মাহবুব ও রাসেল মোটরসাইকেলে সড়ক পার হওয়ার সময় পেকুয়ার দিক থেকে আসা দ্রুতগামী নোহা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহবুব ঘটনাস্থলেই মারা যান। রাসেলকে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে। রোববার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে দুর্ঘটনাটি ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) : মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট এনামুল হক মুন্সীগঞ্জ সদর এলাকার শেখ সাদির ছেলে। রোববার উপজেলার রয়নাভরট হাটে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

যশোর : বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। রোববার যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে।

পলাশ (নরসিংদী) : কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত সায়েম মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা বাজারের শামীম মিয়ার ছেলে। শনিবার রাতে উপজেলার ডাংগা বকুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মধুপুর (টাঙ্গাইল) : রাস্তা পার হওয়ার সময় পিকআপভ্যানের চাপায় নিহত সাদিয়া জান্নাত ধনবাড়ী পৌর এলাকার নিজবর্নী (বকলবাড়ী) এলাকার সাইদ বকলের মেয়ে। রোববার ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।