পরিবারকে স্বাবলম্বী করতে বছর তিনেক আগে মালয়েশিয়ায় পাড়ি জমান শোয়াইব বিশ্বাস (২৩)। সেখানে একটি কোম্পানিতে কাজ করে চলতি বছরের এপ্রিল মাসে দেশে আসেন। ২ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের মেহেদির রং শুকানোর আগেই জীবিকার তাগিদে ফের মালয়েশিয়ায় নিজের কর্মস্থলে ফেরেন। মালয়েশিয়ায় জহুরবারুর একটি কনস্ট্রাকশন কোম্পানিতে বোম্ব ক্রেনের সাহায্যে নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটারের পাইপ লাগানোর কাজ করতেন তিনি। শুক্রবার সকালে কাজ করাকালীন বোম্ব ক্রেনে চাপা পড়ে নিহত হন। শোয়াইব সালথা উপজেলার মাঝারদিয়ার মুরুটিয়ার শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে ছিলেন সেজো।

শনিবার সকালে শোয়াইবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নিপতি তুহিন হাসান। শোয়াইয়ের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ তার পরিবার। তার লাশ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি কোনো কোম্পানির অধীনে কাজ করে তা জানালে তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশ পাঠাতে পারবে। বৈধকর্মী হয়ে থাকলে আমরা লাশ আনার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করব।