পশ্চিমবঙ্গের বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিজের দলের কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি এক কর্মীকে চড় মারেন এবং আরও কয়েকজনকে ধাক্কা ও থাপ্পড় দিতে দেখা যায়।
গত রোববার বারুইপুরে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন মমতা ব্যানার্জী। তবে তার অভিযোগ, পরিস্থিতির অজুহাতে পুলিশ সেদিন সন্ধ্যা থেকেই কালীঘাটের বাসভবন ঘিরে নজরদারি চালায় এবং তাকে কার্যত গৃহবন্দি করে রাখে।
পরে বুধবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কালীঘাট তৃণমূল ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। আদালতের নির্দেশ অনুযায়ী বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হলেও হাজরা মোড়ে বিজেপির আরেকটি মিছিলের মুখোমুখি হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও কটূক্তির পর হাতাহাতির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে তাদের মিছিলে ঢুকে পড়ে আদালতের নির্দেশ লঙ্ঘন করে। অন্যদিকে বিজেপি এ অভিযোগ অস্বীকার করে।
সংঘর্ষের জেরে বেশ কয়েকজন তৃণমূল কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তারা মমতা ব্যানার্জী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যান। সেখানে ব্যাপক ভিড় তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা।
প্রথমে তিনি মাইকে সবাইকে সরে যেতে অনুরোধ করেন। কিন্তু ভিড় কমেনি। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকায় বিশৃঙ্খলা আরও বাড়ে। এ সময় কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা চলাকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এরপরই মেজাজ হারিয়ে কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় মমতাকে। স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তি তৃণমূলেরই একজন কর্মী। এছাড়া আরও কয়েকজন কর্মীর পিঠে থাপ্পড় মারতেও দেখা যায় তাকে। তবে তিনি কেন এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন।
ঘটনার পর বিজেপি মমতা ব্যানার্জীর আচরণের সমালোচনা করে। দলের নেতাদের দাবি, রাজনৈতিক চাপের কারণে তিনি মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এসব দেখেই বোঝা যাচ্ছে, মমতা ব্যানার্জী মানসিকভাবে স্থির নেই।
অন্যদিকে, কালীঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন মমতা ব্যানার্জী। তিনি অভিযোগ করেন, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
মমতা বলেন, হাইকোর্টের অনুমতি নিয়ে এই মিছিল হয়েছে। কিন্তু বিজেপির লোকজন সকালে আমার বাড়ির সামনে এসে ভয় দেখিয়েছে। আমাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। আমাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। অথচ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ।
তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ নিরাপত্তা দিতে পারেনি। এটি আদালত অবমাননার শামিল। গত দুই মাসে ১৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের কাছে আবেদন, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখুন।
ডিডি/এমএসএম








