মেলান্দহে নিজের শিশু সন্তানকে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যাওয়ার সময় মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত নারী শ্রাবন্তী বেগম ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী। স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে হুমায়ুনের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। রোববার সকালে শ্রাবন্তী তার আট মাস বয়সি ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর স্বজনরা তাদের খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরের কাছে শ্রাবন্তীর জুতা দেখতে পান প্রতিবেশীরা। সন্দেহ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বাড়ির কিছুটা দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। স্বজনদের দাবি পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওসি ওবায়দুর রহমান জানান, শ্রাবন্তী বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর হত্যার আসল কারণ জানা যাবে।








