বাউফলে উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক মো. রুহুল আমিনকে মেরে থানার সামনে ঝুলিয়ে রাখার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কর্মী ইফতি আহম্মেদ শাওনের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্ত ইফতি আহম্মেদ শাওন নাজিরপুর গ্রামের অহিদুল গাজীর ছেলে। তিনি ছাত্রদলের কোনো পদে না থাকলেও সংগঠনটির সক্রিয় কর্মী হিসাবেই পরিচিত। সংগঠনটির উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ মঙ্গলবার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন-‘এক বোতলের দুই সিপি, জামায়াত আর এনসিপি’। এরপর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক মো. রুহুল আমিন তার ফেসবুকে লেখেন-‘নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ’। এ নিয়ে ছাত্রদলকর্মী ইফতি আহম্মেদ শাওন তার ফেসবুকে রুহুল আমিনের স্ট্যাটাসের ফটোকার্ড শেয়ার করে অশালীন মন্তব্য করেন। তিনি লেখেন-‘তোকে (রুহুল আমিন) এমন মার মারমু, থানার সামনে ঝুলিয়ে রাখব, তোর বাবা...করতে পারবে না।’ ইফতি আহমেদের ওই স্ট্যাটাসের সমর্থন জানিয়ে মন্তব্যের ঘরে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ অশালীন কথা লিখেছেন। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহদিুল ইসলাম (শাহীন) বলেন, ছাত্রশক্তির নেতাকে প্রকাশ্যে মেরে থানার সামনে ঝুলিয়ে রাখার হুমকি খুবই দুঃখজনক। আর ছাত্রদলকর্মীর ওই হুমকি সমর্থন জানিয়ে ছাত্রদল নেতার অশালীন কমেন্ট খুবই উদ্বেগজনক। ছাত্রদলকর্মী ইফতি আহম্মেদের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। ওসি সিরাজুল ইসলাম জানান, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








