এক ম্যাচ হাতে রেখে জে-গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশে জায়গা পাকা। তবু কোচ লিওনেল স্কালোনির চোখে এখনো পূর্ণতার ছাপ নেই। প্রথম দুই ম্যাচে জয় এলেও দলের পারফরম্যান্স তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। নকআউট পর্বের আগে তাই রোববার সকালে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটিকে তিনি দেখছেন নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসাবে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এমনকি, অধিনায়ক লিওনেল মেসিকেও পুরো বা আংশিক বিশ্রাম দেওয়া হতে পারে।
নকআউট পর্বের আগে স্কোয়াডের বেঞ্চশক্তি যাচাই করতে দলে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা করেছেন স্কালোনি। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বিকল্পদের সুযোগ করে দেওয়াই তার মূল লক্ষ্য। যদিও আর্জেন্টিনা সাধারণত তাদের তারকা ফুটবলারদের পুরোপুরি বিশ্রামে রাখে না। নকআউট পর্বের কথা মাথায় রেখে মেসির খেলার সময় সীমিত রাখা হতে পারে। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও মেসি দুজনই খেলতে আগ্রহী। ডান হাতের অনামিকা আঙুলের চোট থেকে সেরে উঠেছেন গোলকিপার মার্তিনেজ। তিনি খেলতে চান। শুরু থেকে গোলবারের নিচে দেখা যেতে পারে তাকে।
টুর্নামেন্টে এরই মধ্যে পাঁচ গোল করা মেসিকে শুরু থেকেই খেলানো হবে, নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামানো হবে, এখনো তা চূড়ান্ত হয়নি। চিকিৎসক দল ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। তবে দর্শকদের মেসিকে মাঠে দেখার সম্ভাবনা উজ্জ্বল। গোল সংখ্যা বাড়ানোর জন্যও তাকে খেলাতে পারেন কোচ।








