বিশ্বকাপ চলাকালে দেশের ফুটবল নিয়ে নিজের ভালোবাসার কথা নতুন করে জানালেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেল। ফুটবল নিয়ে তাঁর আগ্রহের কথা ভক্তদের অজানা নয়। এর আগেও বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ করতে সরাসরি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। এবারও বাংলাদেশের ফুটবলকে ঘিরে আবেগপ্রবণ মন্তব্য করেছেন, যেখানে তাঁর স্বপ্নের কথাও বলেছেন।
সবাইকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এটাই চাওয়া: মডেল নোবেল
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হয়। এই খেলা মাঠে বসে স্ত্রী, বন্ধুরাসহ উপভোগ করেছেন নোবেল। খেলা উপভোগের পর নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে নোবেল লিখেছেন, ‘পুরো দেশ যখন আর্জেন্টিনা–ব্রাজিল, আর মেসি, এমবাপ্পের গোলের হিসাব নিয়ে পুরো পৃথিবী ব্যস্ত; তখন হৃদয়ে উড়ছে শুধু একটাই পতাকা—বাংলাদেশ; কারণ, আমার স্বপ্ন একদিন বিশ্বকাপের মঞ্চেই উড়বে।’

এই কথায় ফুটে উঠেছে দেশের ফুটবল নিয়ে নোবেলের গভীর প্রত্যাশা। বিশ্বকাপ মানেই যেখানে সমর্থকদের আবেগ ভাগ হয়ে যায় বিভিন্ন দেশের পতাকায়, সেখানে তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের পতাকাকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখতে।

মেসি, এমবাপ্পে কিংবা বিশ্ব ফুটবলের তারকাদের আলোচনার মধ্যেও নোবেল তাই তুলে ধরেছেন ভিন্ন এক ভাবনা। তাঁর বিশ্বাস, একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা করে নেবে। আর সেই স্বপ্নের কথাই তিনি স্মরণ করিয়ে দিলেন ফুটবলপ্রেমীদের।








