ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ যেন নতুন করে প্রাণ পায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে সমান তালে খুনসুটি, ট্রল আর স্যাটায়ার। সেই ধারাবাহিকতায় এবার অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের ফেসবুক লাইভে এমন এক ‘অভিযোগপত্র’ বললেন, যা শুনে অনেকেই প্রথমে অবাক হলেও শেষ পর্যন্ত বুঝেছেন—পুরোটাই ছিল ব্রাজিলভক্তদের উদ্দেশে নির্মিত ব্যঙ্গাত্মক বার্তা।
লাইভে ইরফান সাজ্জাদ মজার ছলে বলতে থাকেন, “এতোদিন খালি মানুষের কাছ থেকে শুনতাম, এটাতো ট্রু, প্রমাণিত এটা যে, মেসি মানুষটা আসলেই খারাপ। তোর ভাই টাকা আছে, বুঝলাম তুই লিওলেন মেসি। তোর কাছে অনেক টাকা। তাই বলে তুই ফিফারে কিনে ফেলবি এভাবে। ২০২২ তো বিশ্বকাপ জিতছোস মানে ২০২৬ ও তোর এইভাবে টাকা দিয়ে জিততে হবে। ফিফাকে টাকা খাওয়ায়ে মেসি জার্মানিকেও বের করে দিলো নেদারল্যাণ্ডকেও বের করে দিলো। তার মানে দুইটা শক্ত প্রতিপক্ষ মেসির সামনে নাই। বাকি থাকলো কে সামনে ব্রাজিল আর ওইদিকে ফ্রান্স। আবার ব্রাজিলের নেইমার তো মেসির বন্ধু। মানে কি টাকা পয়সা দিয়ে বলছে তুই খেলিস না। তার মানে কি ব্রাজিলও পারবে না আর্জেটিনার সাথে। আর বাকি থাকলো কে ফ্রান্স আমি কনফার্ম এই সামনে যে সুইডেনের সাথে ফ্রান্সের খেলা আছে না, ফিফাকে আবার টাকা খাওয়াবে, এই সুইডেনই ওখানে ফ্রান্সকে বিদায় করে দিবে।”
স্যাটায়ারের মাত্রা আরো বাড়িয়ে তিনি বলেন, “কনফার্ম এই সামনে যে সুইডেনের সাথে ফ্রান্সের খেলা আছে না, ফিফাকে আবার টাকা খাওয়াবে, এই সুইডেনই ওখানে ফ্রান্সকে বিদায় করে দিবে। তার মানে কি এই সহজেই সামনাসামনি এমনি করে মেসি আবার কাপ নেবে। এই মেসিটা আসলেই খারাপ। তুই খেলা পারোস তোর কাছে টাকা আছে বুঝলাম, তাই বলে এ রকম ফিফাকে কিনে নিবি। তুই পেনাল্টি পারোস না, তুই এখন আবার ফ্রি কিক নিতেছোস। ফ্রি কিকে গোল দিতেছোস। ভাই মেসি ইজ অ্যা রিয়েল শিট। মানে আবার বিশ্বকাপ জেতার জন্য এতো পায়তারা। নাহলে তো জার্মানি আর নেদারলান্ডস এমনে বিদায় হয় না। এইডা ঠিক না ভাই। এইভাবে আমরা বিশ্বকাপ জিততে চাই না।”
তবে পুরো বক্তব্যের ভঙ্গি, উপস্থাপনা এবং অতিরঞ্জিত অভিযোগ থেকেই স্পষ্ট—এটি বাস্তব কোনো অভিযোগ নয়; বরং ফুটবল-ভক্তদের চিরচেনা খুনসুটি ও ট্রল সংস্কৃতিরই অংশ। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে রসিকতা করেই এই লাইভ করেছেন অভিনেতা।
ইরফান সাজ্জাদ দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে, বাংলাদেশের শোবিজ অঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা বিভাজনও বেশ স্পষ্ট। সাম্প্রতিক বিশ্বকাপ উপলক্ষে অনেক তারকাই নিজেদের প্রিয় দলের জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন। ইরফান সাজ্জাদও পরিচিত আর্জেন্টিনা-সমর্থক তারকাদের একজন।
বিশ্বকাপের মৌসুমে এমন মজার স্যাটায়ার, ট্রল আর 'ফুটবলীয় ষড়যন্ত্র তত্ত্ব' নতুন কিছু নয়। বরং এগুলোই বাংলাদেশি ফুটবল সংস্কৃতির এক অনিবার্য বিনোদন, যেখানে ম্যাচের উত্তেজনার পাশাপাশি সমর্থকদের সৃজনশীল খুনসুটিও সমানভাবে উপভোগ করেন নেটিজেনরা।








