দুই বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সারেন মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। বাগদানের প্রায় এক বছর পর আগামী জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিক যুগল। তারকা জুটির বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ১ হাজার ২০০ জনকে। নিরাপত্তা ও বিয়ের আমন্ত্রণপত্রের ফাঁস ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড। 

একটি সূত্র টিএমজেড-কে বলেন, “প্রতিটি আমন্ত্রণপত্রে অতিথির নামের প্রথম ও শেষ অংশ বারবার ওয়াটারমার্ক করে সংযুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য হলো—কেউ যদি আমন্ত্রণপত্রের ছবি তুলে অনলাইনে প্রকাশ করেন, তাহলে সহজেই শনাক্ত করা যাবে এটি কোন অতিথির কাছে পাঠানো হয়েছিল।” 

ট্র্যাভিস কেলসে ও টেইলর সুইফট

চলতি বছরের মার্চের শুরু থেকে আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসে; অধিকাংশ অতিথি এপ্রিল মাসের মধ্যেই তা হাতে পান। সূত্রগুলোর দাবি, কোনো অতিথি যদি আমন্ত্রণপত্রের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, তাহলে সেখানে থাকা ওয়াটারমার্কের মাধ্যমে টেইলর ও ট্রাভিস সহজেই বুঝতে পারবেন সেটি কার কাছ থেকে ফাঁস হয়েছে।” 

বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর বিষয়টিও কঠোরভাবে গোপন রাখা হয়েছে। আমন্ত্রণপত্রে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের নাম উল্লেখ করা হয়নি। শুধু নিউ ইর্য়ক সিটি উল্লেখ রয়েছে। আগামী ৩ জুলাই বিয়ের অনুষ্ঠানের তারিখ উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট ভেন্যুর তথ্য অতিথিদের আমন্ত্রণপত্রেও লেখা হয়নি। 

বিয়ের অনুষ্ঠানে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। ফলে গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই, দুপুর পর্যন্ত নিউ ইর্য়ক সিটি কর্তৃপক্ষের কাছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের সড়ক বন্ধ রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩ জুলাইয়ের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করেই এসব আয়োজন। 

ট্র্যাভিস কেলসে ও টেইলর সুইফট

২০২৩ সালের জুলাইয়ে অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করেন টেইলর সুইফট। পরে ট্র্যাভিসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।  

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই। গত বছরের ২৬ আগস্ট, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে যৌথভাবে বাগদানের ঘোষণা দেন তারা।  তবে তখন বিয়ের বিষয়ে কিছু জানাননি। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হচ্ছেন তারা।  

এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর সুইফট। মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও জো অ্যালউইনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।   

হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সঙ্গে দেখা করেন তিনি। তবে এ প্রেম টিকেনি। ২০২৩ সালের এপ্রিলে এ জুটির বিচ্ছেদের খবর জানা যায়।   

টেইলর সুইফট

৩৬ বছর বয়সি গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।