বিশ্বকাপ থেকে বিদায়ের পরও আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। এবার আলোচনায় মিশরের উইঙ্গার মোস্তফা জিকো। আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করেছিলেন যার একটি বাতিল হয়েছিল ভিএআরের সিদ্ধান্তে। সেই ম্যাচের পর রেফারিকে নিয়ে বিরূপ মন্তব্য করা সেই জিকো এবার লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলে স্বীকৃতি দিয়েছেন। তবে তার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই সবার ওপরে। একই সঙ্গে শেষ ষোলোর ম্যাচে বেশিরভাগ সময়ে মেসির উপস্থিতিই অনুভব করেননি বলেও দাবি করেছেন তিনি।
শেষ ষোলোতে শেষ ১৩ মিনিটে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচে শুরুতে ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিসর। পরে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় প্রত্যাবর্তন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে জিকো বলেন, ‘আমার কাছে মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে। কারণ আমি রোনালদোকে খুব ভালোবাসি। তাই আমি বিষয়গুলো ওই দৃষ্টিভঙ্গি থেকেই দেখি।’
মেসির পারফরম্যান্স নিয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মিশরীয় এই উইঙ্গার, ‘আমি যখন মাঠে ছিলাম, সত্যি বলতে মেসির উপস্থিতিই অনুভব করিনি। গোল করার পর সে অসাধারণ ছিল। কিন্তু আমি শপথ করে বলতে পারি, মাঝমাঠে ৮০ মিনিট আমি তাকে টেরই পাইনি। মনে হয়নি আমরা মেসির বিপক্ষে খেলছি।’
তবে ম্যাচটি শুধু ফলের জন্য নয়, রেফারিং বিতর্কের কারণেও আলোচনায় আসে। প্রথমার্ধে জিকোর আরেকটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। বিল্ডআপে প্রায় ১০০ গজ দূরে হওয়া একটি সামান্য ফাউলের কারণে গোলটি বাতিল হয়। পরে মোহাম্মদ সালাহ পেনাল্টি বক্সে ফাউলের আবেদন করলেও মিশরকে স্পটকিক দেয়নি রেফারি।
এই সিদ্ধান্তগুলোর প্রতিবাদে ম্যাচের পর ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করে, ম্যাচে ‘দ্বৈত মানদণ্ড’ অনুসরণ করা হয়েছে।
জিকো অবশ্য আরও এক ধাপ এগিয়ে পুরো টুর্নামেন্ট নিয়েই বিস্ফোরক মন্তব্য করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘রেফারি ন্যায়সঙ্গত ছিলেন না। অবিচারটা স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আর্জেন্টিনাকে হারানোর জন্য ২-০ ব্যবধানও যথেষ্ট নয়। পরিষ্কার বোঝা যাচ্ছে, এই টুর্নামেন্ট আর্জেন্টিনার জন্যই সাজানো হয়েছে।’
উল্লেখ্য, এই বিশ্বকাপে মেসি আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এখনো পর্যন্ত আর্জেন্টিনা দলের হয়ে সর্বোচ্চ গোল, অ্যাসিস্ট, ড্রিবল,বল নিয়ন্ত্রণ সবকিছুই মেসির দখলে।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো তিনটি গোল করলেও পর্তুগাল শেষ ষোলোতেই স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে।
টিটিটি/আইএন








