প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এটি কেবল একটি অর্জন নয়, বরং এক অবিশ্বাস্য রূপকথা। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে ওঠা আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম।
তবে সেই রূপকথার পর এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ। ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মাঠের এই অসম লড়াইয়ের আগে অবশ্য আলোচনার কেন্দ্রে লিওনেল মেসিকে ঘিরে কেপ ভার্দের অকৃত্রিম ভালোবাসা। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান তিনি।
আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও লুকাননি কেপ ভার্দের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মেসি একজন মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।’
বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রাও কম চমকপ্রদ নয়। নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসে দলটি। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে। গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে দুর্দান্ত লড়াকু ফুটবল খেলে অন্যতম সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।
The post মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট appeared first on ZoomBangla.








