চলমান ২০২৬ বিশ্বকাপের শেষ প্রান্তে এসে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিংয়ের সিদ্ধান্তগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ফুটবলের অন্যতম স্পষ্টভাষী তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। বিশেষ করে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ এবং লিওনেল মেসিকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইব্রাহিমোভিচ মনে করেন, এই সমালোচনাগুলো কেবল আর্জেন্টিনার বিরুদ্ধে নয়, বরং সরাসরি মেসিকে লক্ষ্য করেই করা হচ্ছে। এসেনশিয়াল স্পোর্টসের বরাতে ইব্রাহিমোভিচ বলেন, ‘এখন আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিশ্চিত যে, আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা আর্জেন্টিনার বিরুদ্ধে নয়; সেটি ছিল সরাসরি মেসিকে লক্ষ্য করে।’ তার মতে, রেফারিংয়ের ত্রুটি নিয়ে আলোচনা এখন আর খেলাধুলার নিরপেক্ষতা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি দাবি করেন, যখনই কোনো সিদ্ধান্ত মেসি বা আর্জেন্টিনার পক্ষে যায়, তখনই সমালোচনার মাত্রা বহুগুণ বেড়ে যায়, যা অন্য বড় ম্যাচগুলোর ক্ষেত্রে দেখা যায় না। নিজের দাবির সপক্ষে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘এমবাপের গোলের আগে আমরা স্পষ্ট হ্যান্ডবল দেখেছি। ওই গোলটি বাতিল হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।’ মরক্কোর খেলোয়াড় ও কোচিং স্টাফ প্রতিবাদ করলেও ভিএআর প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। এই ঘটনা উল্লেখ করে ইব্রাহিমোভিচ সেই সব সমালোচকদের প্রতি তীর্যক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যারা এতদিন দাবি করছিলেন যে ফিফা মেসি ও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে। ইব্রাহিমোভিচ বলেন, ‘যারা বলছিল মেসি ফিফার পূর্ণ সমর্থন পাচ্ছেন, তারা এখন কোথায়? তারা যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে।’ তার মতে, এই সমালোচনার পেছনে কখনোই রেফারিংয়ের মান মুখ্য ছিল না, বরং আন্তর্জাতিক ফুটবলে মেসির সাফল্যের প্রতি এক ধরনের বিরূপ মনোভাব কাজ করছে। আলোচনার শেষ পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকদের নিয়েও মন্তব্য করেছেন এই সুইডিশ তারকা। ইব্রাহিমোভিচ বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা খুবই আবেগপ্রবণ। তারা কোনোভাবেই মেসিকে মেনে নিতে পারে না।’ ইব্রাহিমোভিচের এই মন্তব্য ফুটবল দুনিয়ায় মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে মাঠের লড়াইয়ের পাশাপাশি সিদ্ধান্তের ধারাবাহিকতা ও পক্ষপাতিত্বের অভিযোগ বিশ্বকাপের উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।
রাজনীতি
‘মেসিকে নিয়ে সমালোচনা কি উদ্দেশ্যপ্রণোদিত?’

শেয়ার করুন







