ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। তবে মেসির প্রতি শ্রদ্ধা থাকলেও মাঠে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকা বলেন, ‘৯০ মিনিট, এমনকি ১২০ মিনিটও তাকে থামিয়ে রাখা সম্ভব হবে কি না, আমি জানি না। তবে আমার জন্য এবং যারা মেসির যুগে খেলছি, তাদের সবার জন্য এটি একটি বিশেষ সৌভাগ্যের বিষয়।’
সাবেক আর্সেনাল ও বেয়ার লেভারকুসেন মিডফিল্ডার আরও বলেন, ‘তার বিপক্ষে খেলতে পারা একটি সৌভাগ্য। মেসির যুগে খেলতে পারা সৌভাগ্যের, আর তার ইতিহাসের অংশ হতে পারাটাও সৌভাগ্যের। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।’
তবে প্রশংসার মাঝেও নিজের দলের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন সুইস অধিনায়ক, ‘আমরা অবশ্যই ম্যাচটি উপভোগ করবো। কিন্তু একই সঙ্গে আমরা সুইজারল্যান্ডের চরিত্রও দেখাতে চাই। আর্জেন্টিনা এবং তাদের জন্য ম্যাচটিকে যতটা সম্ভব কঠিন করে তুলতে চাই।’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের এই লড়াইয়ে একদিকে যেমন থাকবে মেসির জাদু, অন্যদিকে জাকার নেতৃত্বে সুইসদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
আরআর/আইএন








