বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে বেলজিয়াম অধিনায়কতুল্য অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকু বলেছেন, স্পেনকে হারাতে হলে তাদের ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে রেড ডেভিলস।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকাকু বলেন, ‘স্পেন দুর্দান্ত একটি দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে। কিন্তু আমরা হারার জন্য মাঠে নামবো না।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি আমাদের কী করতে হবে। দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি এবং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখি।’
লুকাকু স্বীকার করেন, এবারের বিশ্বকাপ হয়তো তার শেষ হতে পারে। তবে ব্যক্তিগত বিষয় নয়, দলের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘জাতীয় দলের প্রয়োজনই আমার কাছে আগে। এরপর আসে আমার নিজের বিষয়। কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আমার ভূমিকা নিয়ে কথা হয়েছে। আমি শুরু থেকে খেলি বা বেঞ্চ থেকে নামি। দলের জন্য সর্বোচ্চটাই দিতে চাই।’
এবারের বিশ্বকাপে লুকাকু সীমিত সময় খেলেও তিনটি গোল করেছেন। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানো ম্যাচেও তিনি গোল করেন। ফলে স্পেনের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে স্পেন এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোল হজম না করেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তেও ইতোমধ্যে স্বীকার করেছেন, বেলজিয়ামই এবারের বিশ্বকাপে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে।
টিটিটি/আইএন








