আগামী ২৩ জুলাইয়ের জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের সব স্তরের জনশক্তিকে ময়দানে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি বলেন, জুলাই গণহত্যা ও মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে জনমত গড়ে তোলা এই জনসভার অন্যতম লক্ষ্য। তাই লক্ষ্য অর্জনে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

গত ২০ জুলাই জামায়াতের মিরপুর কার্যালয়ে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় মিরপুর-১০ ফলপট্টি সংলগ্ন রাস্তায় জুলাই গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোনের পরিচালক নাসির উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মিরপুর-কাফরুল ও পল্লবী অঞ্চলের থানা আমিররা, বিভাগীয় সদস্য, ছাত্রনেতা, শ্রমিক নেতা ও যুব বিভাগের দায়িত্বশীলরা।

সভায় সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, আমাদের আসন্ন জনসভার উদ্দেশ্য কেবল একটি কর্মসূচি পালন নয়; বরং জনগণের সামনে আমাদের বক্তব্য ও দাবিগুলো সুস্পষ্টভাবে তুলে ধরা। আমরা জনগণকে জুলাই গণঅভ্যুত্থানের আইনগত ও সাংবিধানিক ভিত্তি সম্পর্কে অবহিত করতে চাই। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা, জনগণের প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করা এবং জুলাই গণহত্যা ও মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে জনমত গড়ে তোলা এই জনসভার অন্যতম লক্ষ্য। তাই লক্ষ্য অর্জনে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি বলেন, জামায়াত একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন। তাই আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং আইনসম্মত। আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য যুক্তি, শালীনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ইনশাআল্লাহ। তিনি ২৩ তারিখের জনসভাকে গণজোয়ারে পরিণত করতে সবাইকে ময়দানে তৎপর থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ তারিখ আহুত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ কেন্দ্র ও মহানগরীর নেতারা।

এএমএ