দেখতে দেখতে চলে গেছে ১৫টি বছর। খেলা শেষে ফেরার পথে ট্রাক উলটে খাদে পড়ে মীরসরাই উপজেলার আবুতোরাব স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানের ৪৫ শিক্ষার্থীর প্রাণ হারিয়েছিল। সেই ট্রাজেডি কাঁপিয়ে দিয়েছিল সারা দেশ। আজো অনেক অভিভাবক স্কুল ক্যাম্পাসে এসে তাদের সন্তানদের মুখায়বে হাত বুলিয়ে সান্ত্বনা খোঁজেন। সেই ট্রাজেডির ১৫ বছর অতিক্রান্তের এই দিনে ১১ জুলাই, সেদিন দুপুরে মীরসরাই উপজেলা স্টেডিয়ামে একটি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষে গাদাগাদি করে একটি মিনি ট্রাকে বাড়ি ফিরছিল শিশুরা। আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই আনন্দমুখর সেই যাত্রা পরিণত হয় হৃদয়বিদারক শোকে।

মীরসরাইয়ের অগণিত সংগঠন প্রশাসন ও প্রতিষ্ঠান জানালো তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। ঘটনাস্থলের ‘স্মৃতিসৌধ অন্তিম’ ও স্কুল আঙিনায় নির্মিত ‘স্মৃতিসৌধ আবেগ’-এ শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, আবুতোরাব স্কুল, মীরসরাই উপজেলা বিএনপি, উপজেলা কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠন। প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জানাতে আসেন সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার। উপজেলা বিএনপির পক্ষে সাবেক সম্পাদক মো. আলমগীর, গাজী নিজাম, কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, খৈয়াছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মেশকাত হোসেন চৌধুরী, ছাত্রদলের আশরাফ উদ্দিন প্রমুখ।