গ্রীষ্ম এলেই প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটিতে শুরু হয় উৎসবের আমেজ। আর সেই আয়োজন যদি হয় বার্ষিক বনভোজন, তবে তা যেন এক টুকরো বাংলাদেশ।
সেই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) হ্যারিসন টাউনশিপের মোট্রো পার্কে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান আয়োজন করে তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন।
বৃষ্টি বিঘ্নিত দুপুরেও ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিদের জন্য ছিল সুস্বাদু মধ্যাহ্নভোজ, যেখানে পরিবেশন করা হয় নানা রকম দেশীয় খাবার। অনুষ্ঠানের সূচনা হয় বেলুন উড়িয়ে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে সংগঠনের নেতারা অতিথিদের স্বাগত জানান এবং কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

দিনভর চলে শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, হাসি-আনন্দ আর মিলনমেলা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও ছিল নানা আয়োজন।
এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকাপ ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচের সরাসরি সম্প্রচার। খেলা ঘিরে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর সমর্থকদের আবেগ পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়। তবে ব্রাজিলের পরাজয়ে অনেক সমর্থকের মুখে নেমে আসে বিষাদের ছাপ।
সংগঠনের সভাপতি মো. নুর মিয়া এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের মতো এবারের আয়োজনটা ছিল একে অপরের বন্ধন অটুক রাখা এবং পারস্পরিক সহযোগিতায় আমাদের পথচলা দৃঢ় রাখা। পাশাপাশি আমাদের প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখা। অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তুলে ধরার জন্য সব অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র। এতে একটি গাড়িসহ আকর্ষণীয় ও নান্দনিক বহু পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। আনন্দ, সম্প্রীতি ও স্মৃতিময় মুহূর্তে ভরপুর এই বনভোজন প্রবাসী হবিগঞ্জবাসীর মিলনমেলাকে আরও একবার প্রাণবন্ত করে তোলে।
এমআরএম








