সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার, মানববন্ধন এবং জমি ক্রয়সংক্রান্ত সাইনবোর্ড ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বেলা ২টার দিকে ইছাপুরার সোল কিচেন রেস্টুরেন্টে স্পেন প্রবাসী শাহ আলমের পক্ষে তার ম্যানেজার আব্দুল আল মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মালিক স্পেন প্রবাসী শাহ আলম প্রায় দুই বছর আগে সিরাজদিখান থানার কাকালদী মৌজার জমিসহ পুকুরের অংশ ক্রয় করে যথাযথভাবে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করেন। গত বছরের ২৪ এপ্রিল ওই সম্পত্তির নামজারি সম্পন্ন হয়। ক্রয়কৃত সম্পত্তির সীমানা চিহ্নিত করতে পুকুরপাড়ে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ২৪ জুন দুপুর ১২টার দিকে ইয়াসিন খান ও তার ভাইসহ কয়েশত ভাড়াটিয়া লোকজন নিয়ে মানববন্ধনের আয়োজন করেন এবং সাইনবোর্ডটি ভেঙে ফেলেন। তিনি মানববন্ধনে শাহ আলমকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য সরবরাহ করা হয়েছে, যার ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে শাহ আলম ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।








