মিয়ানমারে পাচারকালে ৬শ ব্যাগ সিমেন্টসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গ্রেফতাররা হলেন-নুরুল ইসলাম, মো. বাদশা, আকিব উদ্দিন জিয়ান, মিজানুর রহমান ও হাসান। বৃহস্পতিবার রাতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬শ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাচারে ব্যবহৃত বোটও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।