প্রতিটি প্রযুক্তির মতো অনলাইন ব্যাংকিং তথা ডিজিটাল লেনদেনেরও একটি অন্ধকার দিক রয়েছে। যে সুবিধা মানুষের জীবনকে সহজ করার জন্য তৈরি হয়েছে, সেই সুবিধাকেই এখন ব্যবহার করা হচ্ছে অনলাইন জুয়ার বিস্তারে।
ফলে মোবাইল ব্যাংকিংয়ের অনিয়ন্ত্রিত ব্যবহারের সুযোগ থেকে যাওয়ার কারণে এটি অপরাধী চক্রের একটি কার্যকর হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট এবং মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত অসংখ্য জুয়ার প্ল্যাটফর্ম খুব সহজেই নতুন খেলোয়াড় সংগ্রহ করছে।
এসব প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শক্তি হলো সহজ পেমেন্ট ব্যবস্থা। অতীতে জুয়ার অর্থ লেনদেন তুলনামূলকভাবে জটিল ছিল।
এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং গ্রহণ করা সম্ভব হচ্ছে। এই সুবিধাকেই কাজে লাগিয়ে অনলাইন জুয়ার আয়োজকেরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
বট বাহিনী: কৃত্রিম জনমত যেভাবে সমাজ ও রাজনীতিকে বদলে দিচ্ছেএকজন খেলোয়াড় ঘরে বসেই নিজের মুঠোফোন থেকে টাকা পাঠাচ্ছেন, বাজি ধরছেন এবং জিতলে একই মাধ্যমে অর্থ গ্রহণ করছেন।
পুরো প্রক্রিয়াটি এতটাই সহজ যে এতে কোনো প্রাতিষ্ঠানিক বাধা প্রায় নেই বললেই চলে। মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর নির্ধারিত দৈনিক লেনদেন সীমা থাকলেও সেই সীমার মধ্যেই একজন ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে জুয়ার জন্য অর্থ লেনদেন করতে পারেন।
ফলে কেবল লেনদেনের সীমা নির্ধারণ করাই অনলাইন জুয়া নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়।
অনেকে প্রশ্ন তুলতে পারেন, কেউ যদি নিজের অর্থ দিয়ে জুয়া খেলেন, তাহলে সেটি কেন রাষ্ট্র বা সমাজের উদ্বেগের বিষয় হবে?
বাস্তবতা হলো, অনলাইন জুয়া কেবল একজন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বহুমাত্রিক।
জুয়া এমন একটি কার্যক্রম, যেখানে খুব দ্রুত লাভের আশা মানুষকে আকৃষ্ট করে। প্রথমদিকে কেউ কেউ লাভবান হলেও দীর্ঘ মেয়াদে অধিকাংশ মানুষ ক্ষতির মুখে পড়েন। আর এই দ্রুত অর্থলাভের প্রলোভন ধীরে ধীরে নেশায় রূপ নেয়।
নেশাগ্রস্ত একজন ব্যক্তি যখন ধারাবাহিকভাবে অর্থ হারাতে থাকেন, তখন তিনি ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় আরও বেশি অর্থ বিনিয়োগ করেন।
ডিজিটাল শক্তি: প্রযুক্তি মানুষের হাতে থাকবে নাকি বাজারের নিয়ন্ত্রণেএকপর্যায়ে নিজের সঞ্চয় শেষ হয়ে গেলে শুরু হয় ধারদেনা। এরপরও যখন অর্থের সংকট কাটে না, তখন অনেকেই চুরি, ছিনতাই, প্রতারণা, এমনকি ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়েন।
অর্থাৎ অনলাইন জুয়া শুধু একজন মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে না; এটি পরোক্ষভাবে সমাজে অপরাধপ্রবণতাও বাড়িয়ে তোলে।
বিশেষ করে নিম্ন ও স্বল্প আয়ের মানুষেরা যখন দ্রুত অর্থ উপার্জনের আশায় এই ফাঁদে পা দেন, তখন ক্ষতির মাত্রা আরও গভীর হয়। একটি পরিবার অর্থনৈতিকভাবে ধ্বংস হয়, পারিবারিক সম্পর্ক ভেঙে পড়ে এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়।
এখানেই মোবাইল ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে। বিষয়টি এমন নয় যে মোবাইল ব্যাংকিং অনলাইন জুয়া সৃষ্টি করেছে; বরং অনলাইন জুয়ার বিস্তারকে সহজ করেছে।
তাই সমস্যার সমাধানও প্রযুক্তিকে দোষারোপ করার মধ্যে নয়, বরং প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের নিশ্চয়তা তৈরির মধ্যে।
বর্তমানে মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় কোনো লেনদেন জুয়ার উদ্দেশ্যে হচ্ছে কি না, তা শনাক্ত করার সুযোগ অত্যন্ত সীমিত।
নারীর প্রতি অনলাইন সহিংসতা: ভুক্তভোগীকেন্দ্রিক সহায়তা নিশ্চিতে করণীয়অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনের মতোই এসব অর্থ স্থানান্তর হয়। ফলে নিয়ন্ত্রক সংস্থা কিংবা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সন্দেহজনক লেনদেন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
কিন্তু প্রযুক্তির এই সীমাবদ্ধতা অজুহাত হতে পারে না। বিশ্বজুড়ে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঝুঁকি বিশ্লেষণ এবং আচরণভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও সেই ধরনের প্রযুক্তিগত সক্ষমতা ধীরে ধীরে গড়ে তোলার সময় এসেছে।
বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এবং মুঠোফোনে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা জরুরি।
সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ, বারবার একই ধরনের ক্ষুদ্র অঙ্কের অর্থ নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে পাঠানো, অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত অ্যাকাউন্টগুলো দ্রুত শনাক্ত ও স্থগিত করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য বিনিময়ের ব্যবস্থা আরও শক্তিশালী করা যেতে পারে। একই সঙ্গে গ্রাহকদের সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণাও গুরুত্বপূর্ণ।
ইরান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে নতুন সংকট ডেকে আনছেতবে প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের মধ্যে দ্রুত ধনী হওয়ার মানসিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন জুয়ার বিভ্রান্তিকর প্রচারণা এবং সহজ আয়ের প্রলোভন মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি না হলে কেবল প্রযুক্তিগত নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত ফল দেবে না।
মোবাইল ব্যাংকিং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম ভিত্তি। এর মাধ্যমে কোটি কোটি মানুষ আর্থিক সেবার আওতায় এসেছে।
তাই কোনোভাবেই এই সেবার অগ্রযাত্রা ব্যাহত হওয়া উচিত নয়। বরং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে এই প্রযুক্তি মানুষের কল্যাণেই ব্যবহৃত হয়, অপরাধের হাতিয়ারে পরিণত না হয়। আর্থিক উদ্ভাবনের সঙ্গে নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ব্যাংকিং খাতকে ডিজিটালাইজেশনের যে স্বপ্ন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়েছিল, সেটিকে সফল রাখতে হলে এখনই সময় প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বাস্তবসম্মত নীতিমালা ও প্রযুক্তিগত সমাধান গ্রহণ করবে—এটাই সবার প্রত্যাশা।
অনলাইন জুয়া নিয়ন্ত্রণ নিয়ে আমরা প্রায়ই আইনগত ব্যবস্থা বা ওয়েবসাইট বন্ধ করার কথা বলি। কিন্তু সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থ লেনদেনের পথ। যতক্ষণ পর্যন্ত অনলাইন জুয়ার অর্থপ্রবাহ সহজ থাকবে, ততক্ষণ কেবল আইন প্রয়োগ করে এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
তাই পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে আরও স্মার্ট, দায়িত্বশীল এবং ঝুঁকিসচেতন করে গড়ে তুলতে হবে।
ব্যাংকিং খাতকে ডিজিটালাইজেশনের যে স্বপ্ন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়েছিল, সেটিকে সফল রাখতে হলে এখনই সময় প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বাস্তবসম্মত নীতিমালা ও প্রযুক্তিগত সমাধান গ্রহণ করবে—এটাই সবার প্রত্যাশা।
তাহলেই মোবাইল ব্যাংকিং সত্যিকার অর্থে মানুষের উন্নয়নের হাতিয়ার হয়ে থাকবে, অপরাধের নয়।
মো. ইমরান আহম্মেদ লেখক ও গবেষক।
ই–মেইল: [email protected]
*মতামত লেখকের নিজস্ব ।








