রাজধানীর মোহাম্মদপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। শুক্রবার বিকালে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন পুলিশ কর্মকর্তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এসআই ওসমান গনি, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন। কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।