শেরপুরে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে ৫ বছর ৫ মাস আগেই গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন ওই আসামি। তার নাম কান্তি মারাক।
দুদিন শুনানি শেষে বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
সূত্র জানায়, ২০২১ সালের ১৬ জানুয়ারি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কয়েদি কান্তি মারাকের মৃত্যু হয়। তিনি শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে।
তিন বছর বন্দি থাকার পর ২০২১ সালের ১৬ জানুয়ারি সকালে কান্তি অসুস্থ হয়ে পড়েন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।








