বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার কীর্তনখোলা নদীর তীরঘেঁষা ‘বধ্যভূমির খালের’ বুকজুড়ে লুকিয়ে আছে একাত্তরের বিভীষিকাময় ইতিহাস। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষকে হত্যা করে লাশ এই খালে ভাসিয়ে দিত। খালের পাশে এখনও রয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বাংকার, যা এখনও বহন করে চলেছে সেই রক্তাক্ত ইতিহাস। ইতিহাসের সেই স্মৃতি বিজড়িত স্থানেই ১৩ জুলাই বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গাছের চারা রোপণ করবেন। কীর্তনখোলা নদীসংলগ্ন এই স্থানকে কেন্দ্র করে ইতোমধ্যে শুরু হয়েছে কর্মসূচির সার্বিক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার স্থানটি পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি নির্ধারিত স্থান ঘুরে দেখে কর্মসূচির সার্বিক নিরাপত্তা, স্থান নির্বাচন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব নির্দেশনা বাস্তবায়নের দিকনির্দেশনা দেন।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছে বরিশাল। তার সফরকে কেন্দ্র করে দফায় দফায় সভা করছে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। ইতোমধ্যে তার সফরসূচি নিশ্চিত করা হয়েছে। ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে বরিশালে আসবেন। সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোড় খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন। দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ করবেন এবং এরপর সার্কিট হাউসে বিরতির পর বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বুধবার থেকে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও বিএনপি। বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।