মুলাদীতে পুলিশের নিকট থেকে হাতকড়াসহ (হ্যান্ডকাফ) আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন। এর আগে বুধবার বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল বাজার এলাকায় রাশেদুল ইসলাম সেতু ভুইয়া (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেন তার স্বজনরা।

রাশেদুল ইসলাম সেতু ভুইয়া উপজেলার রামারপোল গ্রামের মৃত সেলিম ভূইয়ার ছেলে। তিনি নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ২৩ জুন রাতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার অভিযোগে পুলিশের করা মামলায় তিনি ৫ নম্বর আসামি।

থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার বিকালে রামারপোল বাজার থেকে সেতু ভূইয়াকে গ্রেফতার করা হয়। তাকে হ্যান্ডকাফ পড়িয়ে মোটরসাইকেলে করে থানায় রওয়ানা দিলে রামারপোল গ্রামের কামরুজ্জামান বাবু ও সুমন ভুইয়ার নেতৃত্বে ১৮-২০ জন লোক পথরোধ করেন। তারা সেতু ভূইয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন।