মুলাদীতে গভীর রাতে হারুন হাওলাদার (৫৯) নামের এক কৃষকের হাত ও চোখ বেঁধে ট্রলারে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টায় অজ্ঞাতপরিচয়ের ৪ জন দুর্বৃত্ত উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে তার বাড়ি থেকে তুলে নেয়। এ ঘটনায় হারুন হাওলাদারের ছেলে জাফর হাওলাদার বাদী হয়ে শনিবার রাতে মুলাদী থানায় অপহরণ মামলা করেছেন। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে জানান পরিবারের সদস্যরা।
হারুন হাওলাদার চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে। অজ্ঞাতপরিচয়ের লোকেরা তাকে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে যায় বলে দাবি করেছেন তার স্ত্রী সেলিনা বেগম।
সেলিনা বেগম জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা দরজা খুলতে বলেন। হারুন হাওলাদার দরজা খুলবেন না জানালে দুর্বৃত্তরা ভেঙে ফেলার হুমকি দেন। পরে হারুন দরজা খুলে দিলে ৪ জন লোক ঘরের মধ্যে প্রবেশ করে কোন কথা না বলে স্বামী-স্ত্রীকে মারধর করেন। পরে দুর্বৃত্তরা হারুনের হাত ও চোখ বেঁধে বাইরে নিয়ে যায়। ওই সময় তিনি (সেলিনা) তাদের পিছু নিলে হারুনকে ট্রলারে উঠিয়ে জয়ন্তী নদীর দিকে যেতে দেখেন। দুর্বৃত্তরা হারুন হাওলাদারকে ট্রলারের উঠানোর পর পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
মুলাদী থানা পুলিশ জানায়, শুক্রবার রাত কিংবা তার পরে সেলিনা বেগম ৯৯৯ নম্বরে কোন ফোন করেননি। শনিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারী বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে শনিবার সকালে মুলাদী সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আমান বান্নাসহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।








