মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে, ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গীবাড়ীগামী একটি মাইক্রোবাস উপজেলার নিমতলা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কার চালক গাড়িটি থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসের চালক দ্রুত পালানোর উদ্দেশে গাড়ির গতি আরো বাড়িয়ে দেন। পরে সীমনপাড়া এলাকায় আবারো দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপরও মাইক্রোবাসটি না থেমে দ্রুতগতিতে চলতে থাকে। একপর্যায়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।”








