জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পুরো আর্জেন্টিনা শিবিরে এক স্বস্তির বার্তা বয়ে নিয়ে এসেছে। গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে নকআউট রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া জর্ডানের বিপক্ষে এই ম্যাচে নিয়মিত একাদশের ৯ জনকে খেলাননি কোচ স্কালোনি।
কোচ এখন খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সামলানোর অবস্থা থেকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন নকআউট পর্বে। কারণ শুক্রবার মায়ামিতে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। আর সেখান থেকেই শুরু হবে এমন এক লড়াই, যেখানে ভুলের কোনো সুযোগ নেই, এ কথা তিনি ভালোভাবেই জানেন।
তাই জর্ডানের বিপক্ষে ম্যাচে ‘এল গ্রিঙ্গো’ স্কোয়াডে রদবদল করে সবার খেলার অবস্থা দেখে নিয়েছেন। হুলিয়ান আলভারেজ ৭০ মিনিটের বেশি খেলেছেন, লিয়ান্দ্রো পারেদেস ও জিওভানি লো সেলসো আবার মাঠে ফিরেছেন। এছাড়া ভ্যালেন্তিন বারকো, এজেকিয়েল পালাসিওস, জিওভানি সিমেওনে, মার্কোস সেনেসি এবং ফ্লাকো লোপেস নিজেদের অভিষেক করেছেন। এই অদল-বদলই স্কালোনির দল ‘স্কালোনেতা’র গভীরতা ও শক্তির প্রতিফলন।
স্কালোনি বলেন, ‘আমরা চেয়েছিলাম যারা এখনো খেলেনি, তারা যেন কিছুটা সময় মাঠে থাকতে পারে। তারা দারুণ খেলেছে। সবাইকে খেলার সুযোগ দিতে পেরেছি বলে আমি খুবই খুশি।’
রাইটব্যাকে প্যালাসিওসকে খেলানোর কারণও তিনি ব্যাখ্যা করেন, ‘হ্যাঁ, ওই পজিশনে আমাদের পালাসিওসের প্রয়োজন ছিল। আমরা নাহুয়েল (মোলিনা) ও মন্টিয়েলকে ঝুঁকিতে ফেলতে চাইনি। কোনো সমস্যা হলে পালা আমাদের দারুণভাবে সাহায্য করেছে।’
সব মিলিয়ে ম্যাচ নিয়ে তার মূল্যায়ন ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, ‘এটা ছিল দারুণ একটি রাত। জিও অভিষেকেই গোল করেছে। লাউতারোও গোল পেয়েছে। আর লিওর কথা তো বলাই বাহুল্য—সে আবারও গোল করেছে। এখনই শুরু হচ্ছে আসল খেলা।’
আরআর/জেআইএম








