আটলান্টায় গত রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। গোল না করলেও দুটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। যা ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর যে উপহার পেয়েছেন, তা তিনি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন।

মাতিয়াস পেল্লিচিওনি গতকাল আটলান্টায় সেমিফাইনাল শেষে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের জার্সি উপহার দিয়েছেন মেসিকে। এই জার্সি পরেই ম্যারাডোনা দুই গোল করে আসতেকার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে আলবিসেলেস্তেরা মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। ২-১ গোলে জিতে আর্জেন্টিনা ষষ্ঠবারের মতো উঠেছে ফাইনালে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে বিশেষ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক তখন বলেন, ‘নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই মুহূর্তটি ভীষণ উপভোগ করছেন। কারণ, আজকের দিনটি তাঁর জন্য ছিল অত্যন্ত বিশেষ। তাঁকে এই আনন্দ উপহার দিতে পারা এবং তিনি যেভাবেই হোক না কেন, ওপর থেকে এটি উপভোগ করতে পারছেন। এটাই সবচেয়ে বড় কথা। তাঁকে উপভোগ করতে দিন। কারণ, এটিও তাঁর জন্য একটি উপহার।

২০২০ সালে ম্যারাডোনা ৬০ বছর বয়সে চলে যান না ফেরার দেশে। তবে জীবদ্দশায় আর্জেন্টিনার স্বর্ণযুগ দেখার সৌভাগ্য তাঁর হলো না। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—চারটি শিরোপা আর্জেন্টিনা জিতেছে দুই লিওনেল জুটিতে। ২০১৮ সালে দলটির প্রধান কোচ হওয়া লিওনেল স্কালোনি এক সময় ছিলেন মেসির সতীর্থ।

মেসির সামনে এবার শিরোপা ধরে রাখার সুবর্ণ সুযোগ। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠা আর্জেন্টিনা ১৯ জুলাই নিউজার্সিতে ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে। এদিকে স্পেন ২০১০ সালে একবার ফাইনাল খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। এবারের বিশ্বকাপে স্পেন ১৩ গোল দিয়ে হজম করেছে কেবল ১ গোল।

দুইবার গোল্ডেন বল জিতলেও কখনো মেসির জেতা হয়নি গোল্ডেন বুটের পুরস্কার। গত রাতে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসকে দিয়ে দুই গোল করিয়ে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটে সবার ওপরে মেসি। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করলেও তাঁর অ্যাসিস্ট তিনটি। ফরাসি অধিনায়কেরও গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। পরশু মায়ামিতে হবে ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।