ইংল্যান্ডের ম্যানচেস্টারে পঞ্চমবারের মতো ‘ইউরো বাংলা অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত হলো ‘বৈশাখী মেলা ২০২৬’ ও সাংস্কৃতিক উৎসব। জানা গেছে, ‘ইউরো বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুলের সার্বিক তত্ত্বাবধানে গত ৫ জুলাই দিনব্যাপী আয়োজিন এ মেলা ছিল বিগত বছরগুলোর চেয়ে আরও আকর্ষণীয় এবং ভীষণ উৎসব মুখর। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফটোগ্রাফার মোহসীন আহমেদ কাওছার। তিনি জানান, এবারের বৈশাখী মেলা ইউরো বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের আন্তরিকতায় আমন্ত্রিত অতিথিরা ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। কারণ এবারের আয়োজনে এই মেলা এবং সাংস্কৃতিক উৎসবে এক টুকরো বাংলাদেশকেই যেন খুঁজে পেয়েছিল সবাই। দিনব্যাপী গল্প, আড্ডায় মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা। কাজী লুৎফর রহমান বলেন, ‘আমাদের এবারের বৈশাখী মেলা এবং পাশাপাশি সাংস্কৃতিক উৎসব সুন্দরভাবে সফল করতে যাদের সহযোগিতা পেয়েছি তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল বলেন, ‘এই মেলা এবং সাংস্কৃতিক উৎসবে সবার কাছ থেকে যে সাড়া পেয়েছি, আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত হয়েছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও সুন্দরভাবে আরও বর্ণাঢ্যভাবে যেন এই মেলা-উৎসব আয়োজন করতে পারি সেই শতভাগ চেষ্টা থাকবে আমাদের।’ অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দীপালি ও হাসি রানী। শিল্পীরা আধুনিক গান গাওয়ার পাশাপাশি সিলেটের আঞ্চলিক গানও পরিবেশন করেন।








