নবাবগঞ্জে বাড়ির মালিকের বাসায় মোবাইল ও টাকা চুরির ঘটনায় ভাড়াটিয়া দুই তরুণীর চুল কেটে দেন এলাকাবাসী। পুলিশ গিয়ে তাদের উদ্ধারের পর তরুণীর মামলায় গ্রেফতার হয়েছে বাড়ির মালিক ও তার স্ত্রী। সোমবার রাতে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের পুরোনো বান্দুরায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পুরোনো বান্দুরা গ্রামের মো. ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া মারিয়া সুলতানা ও তার বান্ধবী শারমিন আক্তার ওরফে বন্যা খন্দকারকে মোবাইল ও টাকা চুরির দায়ে সোমবার সন্ধ্যায় আটক করে ইব্রাহীমসহ ওই গ্রামের লোকজন। এরপর তাদের মারধর করে চুল কেটে দেওয়া হয়। এ ঘটনার ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক ও তার স্ত্রীকে আয়শা আক্তারকে আটক করা হয়। পরে মারিয়া সুলতানা ওই বাড়িওয়ালা ও তার স্ত্রীর পাশাপাশি আরও ২০/২৫ জনের নামে মামলা করেন। ওসি আবু হানিফ বলেন, চুরির বিষয়ে ভুক্তভোগী মামলা না দিয়ে দুই তরুণীকে ধরে চুল কেটে বেআইনি কাজ করেছে।