নবাবগঞ্জের কুমারবাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামানের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজের ভাতিজাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় এক ইউপি সদস্যের উপস্থিতিতে ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, একটি গাছের ফল পাড়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষক নুরুজ্জামান ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে তার ছোট ভাই ও ভাতিজার ওপর হামলা চালান এতে তারা আহত হন। আহত পরিবারের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অভিযোগের তদন্ত চলছে।








