নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
আইএসপিআর জানায়, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি নৌ সদর দপ্তরে এসে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এসময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন মিসবাহ উল আজীম
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলা এবং নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার নেন।
টিটি/একিউএফ








