হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ সংঘর্ষে গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, দাউদপুর গ্রামের বাসিন্দা ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। ৮ জুন কাপ্তানের চাচাতো ভাই নানু মিয়ার ঘরবাড়িতে হামলা চালায় যুবলীগ নেতা জুয়েল পক্ষের হারুন মিয়াসহ একদল লোকজন। এতে আহত হন নানু মিয়া, তার স্ত্রী ডলি বেগমসহ আরও অনেকে। এ ঘটনায় মামলা হয়। আসামিপক্ষের লোকজন আদালত থেকে জামিন পেয়ে এসে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনার সূত্রধরে বৃহস্পতিবার সকালে কাপ্তানের লোকজনের ঘরবাড়িতে হামলার পরিকল্পনা করা হয়। উভয়পক্ষের লোকজন একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লোকজন থানায় লিখিত অভিযোগ দেননি।