বিশাল ভরদ্বাজ নির্মিত আলোচিত সিনেমা ‘ওমকারা’ মুক্তির ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে। সিনেমার অন্যতম স্মরণীয় ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান সাইফ আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি দৃশ্য নিয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ তাকে অদ্ভুত প্রস্তাব দিয়েছিলেন।

উইলিয়াম শেক্সপিয়ারের ‘অথেলো’ অবলম্বনে নির্মিত ‘ওমকারা’ ভারতীয় সিনেমার অন্যতম প্রশংসিত সাহিত্যনির্ভর চলচ্চিত্র। উত্তর ভারতের পটভূমিতে নির্মিত এ সিনেমায় জাতপাত, ক্ষমতা ও পুরুষতন্ত্রের মতো বিষয় তুলে ধরা হয়েছিল। সিনেমার প্রতিটি চরিত্রই দর্শকের প্রশংসা পেলেও সাইফের অভিনীত নিষ্ঠুর ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয়।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, “সিনেমার একটি দৃশ্যের জন্য বিশাল ভরদ্বাজ আমাকে নগ্ন হয়ে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।”

শুটিংয়ের ঘটনা বর্ণনা করে সাইফ আলী খান বলেন, “সিনেমার একটি ঘটনা আমার মনে আছে। আয়নার সামনে একটি দীর্ঘ সংলাপের দৃশ্য ছিল। তখন বিশালজি আমাকে বলেছিলেন, ‘তুমি কি নগ্ন হয়ে দৃশ্যটি করতে আপত্তি করবে?’ বিষয়টি বেশ রোমাঞ্চকর ছিল, কিন্তু সেটে অনেক মানুষ থাকায় আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম। তাই আমি তাকে বলেছিলাম, ‘আপনি যদি আমাকে নগ্ন অবস্থায় পরিচালনা করেন, তাহলে আমি করব।’ তিনি বলেছিলেন, ‘না, আমি তা করব না। এটাই ছিল মজার বিষয়।”

স্মৃতির পাতা উল্টে দেখলে সাইফ আলী খানের এখন মনে হয়, বিশাল ভরদ্বাজের সেই প্রস্তাবে রাজি হলে দৃশ্যটি আরো শক্তিশালী হতে পারত। সাইফ আলী খানের ভাষায়—“এখন মনে হয়, আমার আপত্তি করা উচিত হয়নি। কারণ তিনি পেছন দিক থেকে সেলুলয়েডের দৃশ্যটি ধারণ করতেন। আমার মনে হয়, সেটি দারুণ দেখাত। আমরা যেহেতু নতুন কিছু করার চেষ্টা করছিলাম, এটিও তেমন কিছু হতে পারত। এখন হলে আমি করতাম।”

সাইফ আলী খানের আপত্তির কারণে বিশাল ভরদ্বাজ দৃশ্যটি বদলে দিয়েছিলেন। তা স্মরণ করে সাইফ আলী খান জানান, বিশাল ভরদ্বাজ শেষ মুহূর্তে পুরো দৃশ্যের পরিকল্পনাই বদলে দিয়েছিলেন। প্রথমে সেখানে দীর্ঘ একটি সংলাপ থাকার কথা ছিল, যেখানে ‘ল্যাংড়া ত্যাগী’ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিশোধের কথা প্রকাশ করত।

স্মৃতিচারণ করে শুটিং সেটের সেই মুহূর্তের বিষয়ে সাইফ আলী খান বলেন, “শেষ মুহূর্তে বিশালজি সেটে এসে বললেন, ‘আমি চাই না তুমি কোনো সংলাপ বলো। আমার একটি ভাবনা আছে’।”

পরিচালকের সেই ভাবনার কথা বলতে গিয়ে সাইফ জানান, বিশাল তাকে আয়নার সামনে দাঁড়াতে বলেন। এরপর ক্যামেরা ট্রলিতে করে তার পেছন দিক থেকে আসবে, হাতে দেওয়া হবে ভারী কোনো বস্তু। যেমন: হাতুড়ি, আর সেটি দিয়ে তাকে নিজেই আয়না ভাঙতে হবে।

ঘটনাটি বর্ণনা করে সাইফ আলী খান বলেন, “বিশালজি চেয়েছিলেন, আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যেন তার মুখের বিভিন্ন অংশ দেখা যায়। আঘাতে তার হাত কেটে রক্ত বের হবে এবং তিনি সেই রক্ত কপালজুড়ে মেখে নেবেন। এরপর প্রতিশোধ নেওয়ার সংকল্প করবেন। কোনো সংলাপের প্রয়োজন নেই। আমি পরে ভাবলাম, তাই তো আপনি এটা তো ঠিকই বলেছেন। এক শটেই পুরো দৃশ্যটি বলা সম্ভব। এটি কতটা সহজ ও বুদ্ধিদীপ্ত ছিল। এমন অনেক কিছুই সিনেমায় ঘটেছিল।”

‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে আমির খানকে ভাবা হয়েছিল?

এর আগে ফিল্ম কোম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছিলেন, ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রের জন্য শুরুতে আমির খানের কথাও ভাবা হয়েছিল। এ বিষয়ে সাইফ বলেন, “হ্যাঁ, পরে আমি এমনটাই শুনেছিলাম।” আমিরকে বাদ দেওয়ার কারণ জানিয়ে তিনি জানান, বিশাল ভরদ্বাজ তাকে বলেছিলেন, ‘আমির খান চরিত্রটি নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন এবং কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন।”

খানিকটা ব্যাখ্যা করে সাইফ আলী খান বলেন, “আমির হয়তো শুধু তার সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু বিশাল বলেছিলেন, তিনি পরে জানাবেন। এরপর তিনি আমাকে ফোন করেন। তিনি মনে করেছিলেন, এটি কাজ করবে না, কারণ তিনি নিশ্চিত ছিলেন না যে, বিষয়টি আমির যেভাবে চাচ্ছিলেন, সেভাবে এগোবে কি না। বিশাল তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেননি।”

সাইফ আলী খানকে সর্বশেষ দেখা গেছে ‘কর্তব্য’ সিনেমায়। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এরই মধ্যে আরা দুটো সিনেমার কাজ শেষ করেছেন সাইফ। 

*দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে