নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার পরীক্ষা চলাকালে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর সদস্যরা বিদ্যালয়টিতে হামলা চালায়। দীর্ঘদিন ধরেই লাসা এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর অন্তত ৩৭ শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীর তথ্যমতে, হামলায় এক সেনাসদস্য, এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা সাংবাদিকদের কাছে নিখোঁজ শিক্ষার্থীদের একটি তালিকা দিয়েছেন। একটি গোয়েন্দা সূত্রও এএফপিকে একই তালিকার সত্যতা নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর হাতে এখনও ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ নাইজেরিয়ার সংঘাতপ্রবণ উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। এসব হামলায় প্রায়ই শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়।

২০১৪ সালে বোকো হারামের সদস্যরা চিবোক শহর থেকে শত শত স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। ঘটনাটি নাইজেরিয়ার ইতিহাসের অন্যতম আলোচিত অপহরণ হিসেবে পরিচিত। এরপর থেকে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপহরণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত মে মাসে বোরনো রাজ্যের মুসা গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়। তাদের এখনও মুক্তি দেওয়া হয়নি। একই মাসে ওয়ো রাজ্যের তিনটি স্কুল থেকেও কয়েক ডজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়। যদিও অঞ্চলটি তুলনামূলক নিরাপদ হিসেবে পরিচিত, তবুও দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় এমন হামলা উদ্বেগ তৈরি করেছে।

২০০৯ সাল থেকে নাইজেরিয়া সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি। গত এক দশকে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও গত বছর থেকে হামলার সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে।

The post নাইজেরিয়ার স্কুলে সশস্ত্র হামলা, নিখোঁজ ৩৭ শিক্ষার্থী appeared first on ZoomBangla.