জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে সারা দেশে একযোগে ‘নজরুল বর্ষ’ উদযাপনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে সাহিত্য সম্মেলন, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুলসংগীতের আসর, নাট্যোৎসব, চিত্রপ্রদর্শনী, নৃত্য প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের মাঝে চেক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে সরকার ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গত ২১ জুন প্রজ্ঞাপন জারি করেছে। যুগান্তর প্রতিনিধিরা জানান :
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ। অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের মাঝে সম্মাননা চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, পৌর প্রশাসক রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার উপস্থিত ছিলেন। রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ-সদস্য আবু সাইদ চাঁদ, ইউএনও জান্নাতুল ফেরদৌস, ওসি আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন সংসদ-সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। পাবনার চাটমোহরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি প্রমুখ। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল-আমিন সরোয়ার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম, ওসি মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা গাউস মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবু সাওজাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবির জীবন দর্শন ও কর্মময় জীবনের ওপর আলোচনা করেন মঠবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রাজিব মণ্ডল। পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, দ্রোহ ও প্রেমের কবি। তার সাহিত্য ও সংগীত যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করেছে। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান। জয়পুরহাটে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার।








