মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি নতুন নতুন নক্ষত্র সৃষ্টি করে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সব গ্যালাক্সি সারাজীবন এই কাজ চালিয়ে যেতে পারে না। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, মহাবিশ্বের শুরুর দিকের কিছু বিশাল গ্যালাক্সি হঠাৎ করেই নতুন নক্ষত্র তৈরি করা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে এর কারণ উন্মোচনের চেষ্টা করেন বিজ্ঞানীরা। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণে এর একটি সম্ভাব্য ব্যাখ্যা মিলেছে। এসব গ্যালাক্সির অতীতে ঘটে যাওয়া সহিংস সংঘর্ষই তাদের নক্ষত্র গঠন বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হতে পারে বলেই ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৯ বিলিয়ন বছর আগের কিছু বিশাল গ্যালাক্সি বাইরে থেকে শান্ত ও স্থিতিশীল মনে হলেও তাদের ভেতরে অতীতের সহিংস ঘটনার সূক্ষ্ম চিহ্ন লুকিয়ে রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এসব গ্যালাক্সি কিছুদিন আগেই নতুন নক্ষত্র তৈরি করা বন্ধ করে দেয়। এ ধরনের গ্যালাক্সিকে ‘কোয়েঞ্চড গ্যালাক্সি’ বলা হয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহামের জ্যোতির্বিজ্ঞানী ড. ডেভিড মাল্টবির নেতৃত্বে আন্তর্জাতিক গবেষক দল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গভীর পর্যবেক্ষণ ব্যবহার করে প্রায় ১২০টি কোয়েঞ্চড গ্যালাক্সি বিশ্লেষণ করেন। পাশাপাশি তারা আরও প্রায় ৩ হাজারটি অন্যান্য গ্যালাক্সির সঙ্গে এসব গ্যালাক্সির তুলনা করেন। ড. ডেভিড মাল্টবি বলেন, বাইরে থেকে এসব গ্যালাক্সিকে শান্ত মনে হলেও টেলিস্কোপ তাদের অতীতের সহিংস ঘটনার সূক্ষ্ম চিহ্ন দেখতে সক্ষম হয়েছে। সূত্র : দ্য আর্থ