নলছিটিতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী আক্তার নামে এক নরী তার শিশুসন্তান ফাহিমাকে (৫) নিয়ে শহরের ফেরিঘাট এলাকার ঘাটে বাঁধা ফেরির ওপর থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। এ ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে মা ও শিশুকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, ৬-৭ বছর আগে উপজেলার হাড়িখালি গ্রামের মো. আজিজ মোল্লার মেয়ে লাকি আক্তারের সঙ্গে নলছিটি শহরের থানার পুল এলাকার আদম আলীর ছেলে সাইদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের বছরদেড়েক পর তাদের একটি কন্যাসন্তান হয়। লাকি আক্তার জানান, তার স্বামী নেশাগ্রস্ত এবং শাশুড়ি তাকে মারধর করতেন। পারিবারিক কলহের কারণে তিনি তার স্বামীকে তিন সপ্তাহ আগে তালাক দেন। এরপর তার স্বামী সাইদুল ইসলাম মেয়েকে নিয়ে যেতে চান। কিন্তু তিনি মেয়েকে দিতে রাজি হননি। এ নিয়ে সাবেক স্বামী সাইদুল মামলা করার হুমকি দেন। এতে তার (লাকি) বাবা আজিজ মোল্লা নাতনি শিশু ফাহিমাকে তার বাবার কাছে দিয়ে দেওয়ার জন্য বলেন। এ ঘটনায় পরিবারের প্রতি অভিমান করে লাকি তার শিশুসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন।








