চট্টগ্রামের সীতাকুণ্ডে একই পরিবারের মা-মেয়েকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করেছে ডাকাতদল। বাধা দিতে গেলে ডাকাতরা গৃহকর্ত্রী তাহেরা বেগমকে কুপিয়ে আহত করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
জানা যায়, বুধবার তাহেরা বেগম ও মেয়ে ইসরাত সুলতানা মাগরিবের নামাজ আদায় করছিলেন। সেজদা দেওয়ার মুহূর্তে পেছন থেকে কয়েক যুবক কাপড় দিয়ে মা-মেয়ের চোখ-মুখ বেঁধে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তাদের দুইজনকে ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ঘরের অন্য একটি রুমে আটকে রাখে। এরপর আলমারির চাবি চায়। চাবি দিতে দেরি হওয়ায় তাহেরা বেগমকে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে। তারা আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।








