জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, সৃজনশীল প্রতিভার বিকাশ, সামাজিক ঐক্য জোরদার এবং শহীদ ও আহত পরিবারের প্রতি সম্মান জানাতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য চট্টগ্রাম’।
মঙ্গলবার (৩০ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ১ থেকে ১৫ জুলাই ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা’ এবং ১ থেকে ২০ জুলাই ‘জুলাই শর্ট ভিডিওগ্রাফি প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ১৬ জুলাই ‘জুলাই এক্সিবিশন’, ১৭ জুলাই ‘বাঙালির আজাদীর লড়াই’ শীর্ষক জুলাই সিম্পোজিয়াম এবং ২৪ জুলাই ‘জুলাই কনসার্ট’ অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানায়, ৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং উপহার প্রদান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে ৩১ জুলাই।
এ ছাড়া ‘শ্রমিকদের চোখে জুলাই’ শীর্ষক একটি বিশেষ আয়োজন এবং ‘বীর চট্টলা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও প্রচারে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
এমআরএএইচ/এসএনআর








